চট্টগ্রামের ফটিকছড়িতে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধ বালু উত্তোলন, মাটি ও টিলা কাটা বন্ধে গভীর রাতে চালানো হয়েছে সাঁড়াশি অভিযান। আনসার সদস্যদের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে টিলা কাটার কাজে ব্যবহৃত একটি মিনি ভ্যান এবং অবৈধ কাঠবোঝাই একটি মিনি ট্রাক আটক করা হয়েছে।
সোমবার রাত ১১টা থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোররাত ২টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উত্তর পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়াজালি বাদামতল এলাকার মগপাড়া টিলায় অবৈধভাবে টিলা কাটার সময় হাতেনাতে আটক করা হয় একটি মিনি ভ্যান (টমটম)। এছাড়া একই অভিযানে পাইন্দং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে অবৈধভাবে কাঠ পরিবহনের সময় আটক করা হয় একটি মিনি ট্রাক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রহমত উল্যাহর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় জব্দ করা হয় অবৈধ কাজে ব্যবহৃত দুটি গাড়ি ও পাচারের উদ্দেশ্যে নেওয়া কাঠ।
স্থানীয় সচেতন মহলের মতে, পাহাড়ি জনপদ ফটিকছড়ির সবুজ প্রকৃতি, টিলা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এমন সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।



















