পাহাড়ি জনপদ মহালছড়িতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এর অংশ হিসেবে নিয়মিত যৌথ অভিযানে মদ্যপান করে স্থানীয়দের উত্যক্ত ও পরিবারের লোকজনকে মারধরের দায়ে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে মহালছড়ি উপজেলায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করে দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্য উৎপাত চালিয়ে আসছিলেন। এমনকি তিনি নিজের পরিবারের সদস্যদের ওপরও শারীরিক নির্যাতন চালান এবং স্থানীয় সাধারণ মানুষকে নানাভাবে উত্যক্ত করতেন। এমন অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিক যৌথ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে অপরাধের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মহালছড়ি উপজেলা প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রশাসন সবসময় সজাগ রয়েছে।




















