রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ায় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছে রাঙামাটি পৌর জাসাস।
গত বুধবার (২৬ আগস্ট) বিকেলে তবলছড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এই আনন্দ র্যালির সূচনা হয়। পৌর জাসাসের সভাপতি শহিদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তবলছড়ি ও বনরুপা এলাকার বিভিন্ন সড়ক ঘুরে টেক্সটাইল মার্কেট ও বনরুপা পেট্রোল পাম্পের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নতুন চেয়ারম্যানের নামে স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
সমাবেশে বক্তারা বলেন, দীপন তালুকদার দীপুকে জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় পাহাড়ের মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, তার সততা, নিষ্ঠা ও গতিশীল নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আরও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ নেবে। পাশাপাশি, পার্বত্য এলাকার সার্বিক কল্যাণ, সুশাসন এবং টেকসই উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
উক্ত আনন্দ র্যালিতে জেলা জাসাসের সহসভাপতি মো. মহিউদ্দিন মহিম, রুমেল চাকমা, দপ্তর সম্পাদক রাহুল চাকমাসহ সদর উপজেলা ও পৌর জাসাসের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















