রাঙামাটির কাপ্তাইয়ে কারবাড়ীপাড়া–বালুখালী মুখ এলাকায় বৃষ্টির পানিতেই চলছে সড়ক নির্মাণের কাজ। তদারকি না থাকায় সরকারি অর্থের অপচয় ও কাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কিত স্থানীয়রা।
উন্নয়নের কাজ জনগণের কল্যাণে, কিন্তু সেই কাজ যদি হয় অনিয়মে ভরা, তবে তা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী মুখ এলাকায় ঠিক এমনই এক চিত্র দেখা গেছে।
বৃষ্টির মধ্যেই চলছে সড়ক নির্মাণের কাজ! যেখানে বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে নির্মাণসামগ্রী, আর ঠিকমতো মিশছে না সড়কের মিশ্রণ বা মিক্সার।
স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, বৃষ্টির মধ্যে এ ধরনের অপরিকল্পিত কাজ কেবল হাস্যকরই নয়, বরং এটি সরাসরি সরকারি অর্থের অপচয়। সিএনজি, বাস ও মোটরসাইকেল চালকসহ সাধারণ পথচারীরা বলছেন, এমন খামখেয়ালি কাজের কারণে এই সড়কটি সামান্য কিছুদিনও টিকবে কি না, তা নিয়ে রয়েছে বড় সন্দেহ।
জনগণের স্পষ্ট দাবি— আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হোক এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের পক্ষ থেকে কড়া তদারকি নিশ্চিত করা হোক। জনস্বার্থে এই অনিয়ম রোধে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।




















