রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ক্রীড়ামোদিদের মাঝে বইছে আনন্দের জোয়ার। ৩ নং মৈদং ইউনিয়ন পরিষদের আয়োজনে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটায় আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেস্টহাট আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো. নুরুল হুদা। এ সময় জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজানের পক্ষ থেকে অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে শুভেচ্ছা জানানো হয় এবং প্রতিযোগিতায় শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষ থেকে টুর্নামেন্টের দলগুলোর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ৩ নং মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, ফকিরাছড়ির হেডম্যান সুজন চাকমাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী দল: টুর্নামেন্টে মোট ১৯টি শক্তিশালী দল ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে।জমজমাট এই উদ্বোধনী খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রায় ৮৫০ থেকে ৯০০ জন উৎসাহী দর্শক ও স্থানীয় বাসিন্দা।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফকিরাছড়ি স্পোর্টিং ক্লাব দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ৪-০ গোলের বিশাল ব্যবধানে বস্তিপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জুরাছড়ি জোনের দক্ষ সেনাসদস্যরা রেফারি ও লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ও টহল জোরদার করা হয়।
আয়োজকদের বিশ্বাস, এই টুর্নামেন্ট স্থানীয় যুবসমাজকে অপরাধমূলক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং খেলাধুলার মানসিকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















