বর্ণাঢ্য আয়োজন, আবেগ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রামগড় শিল্পী কমিউনিটি হলে রামগড় উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়া।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দীন, রামগড় পৌর বিএনপি সভাপতি বাহার উদ্দিন, রামগড় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূঁইয়া (মিঠু) এবং রামগড় পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কৃতি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
<span;>অনুষ্ঠানের বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীদরই আগামীর দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং তাদের সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রামগড় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ছাত্রদলের এমন সুন্দর ও উৎসাহব্যঞ্জক আয়োজনে অংশ নিয়ে ক্রেস্ট হাতে পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।




















