পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, গবাদিপশু রক্ষা এবং খামারিদের আত্মনির্ভরশীল করে তুলতে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে দুল্যাতলী আর্মি ক্যাম্পে দিনব্যাপী প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ।
দিনব্যাপী এই সেশনে দুল্যাতলী ইউনিয়নের মোট ১৫ জন প্রান্তিক খামারি অংশগ্রহণ করেন। এতে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনের আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূলত গবাদিপশুর সাধারণ রোগ শনাক্তকরণ, কার্যকর রোগ প্রতিরোধ ব্যবস্থা, সঠিক সময়ে টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা বিষয়ে খামারিদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।
প্রশিক্ষণ পর্ব শেষে অংশগ্রহণকারী প্রতিটি খামারির হাতে বিনামূল্যে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ তুলে দেওয়া হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করে বলেন, পার্বত্য এলাকায় প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ খামারি গড়ে তোলা সম্ভব হলে পশু-পাখির আকস্মিক মৃত্যুহার অনেকটাই কমে আসবে। সেনাবাহিনীর এই উদ্যোগ প্রান্তিক খামারিদের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি তাদের পারিবারিক আয় বৃদ্ধিতে সরাসরি ইতিবাচক ভূমিকা রাখবে।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাথির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম এবং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা।
সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড স্থানীয় খামারিদের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে।




















