মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে মাটিরাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার রাতে মাটিরাঙ্গা উপজেলার পক্ষ থেকে একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এদিন সন্ধ্যা আনুমানিক আটটার দিকে মাটিরাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর নামক স্থানে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে মাদক সেবনের অপরাধে হাতেনাতে ২ (দুই) জন মাদকসেবীকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
অভিযান পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা থানার এসআই (নিঃ) ইমতিয়াজ উদ্দিন ও তাঁর সঙ্গীয় পুলিশ ফোর্স।
প্রশাসনের এমন কঠোর ভূমিকার কারণে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। মাদক নির্মূলে মাটিরাঙ্গা উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।




















