রাঙ্গামাটির লংগদুতে উৎসবমুখর পরিবেশে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা (স্কুল-মাদ্রাসা) এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গাঁথাছড়া বায়তুশ শরফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ফোরকান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনেওয়াজ চৌধুরী, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মো. এখলাছ মিঞা, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান এবং করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অতিথিরা বলেন, পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।




















