সরকারি উন্নয়ন কাজের টেন্ডারে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ—এবার রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে হানা দিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা থেকে টানা আড়াই ঘণ্টা ধরে চলে এই ঝটিকা অভিযান।
দুদকের একটি চার সদস্যের এনফোর্সমেন্ট টিম রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে পৌঁছে নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার মুখোমুখি হন। এ সময় ওয়াশব্লক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়মের অভিযোগ নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযানকালে দুদক টিম জানতে পারে, নিয়ম ভেঙে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে অন্য ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তল্লাশি চালিয়ে দেখা যায়, নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া অনেক কাজেরই সঠিক নথিপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি।
পরে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় কিছু গুরুত্বপূর্ণ কাগজদপত্র জব্দ করে মাঠপর্যায়ে যাচাইয়ের জন্য সাথে নিয়ে যায় দুদক টিম। পাশাপাশি, বাকি নথিগুলো দ্রুত সময়ের মধ্যে দুদক কার্যালয়ে জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাঠপর্যায়ের নথি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতি রোধে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















