সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে কঠোর অবস্থানের অংশ হিসেবে খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়নের জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে এই মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন সফল অভিযানে এসব মাদক জব্দ করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবা এবং বিভিন্ন ধরনের তামাকজাত দ্রব্য।
মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে তিনি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডার ছাড়াও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জনসম্মুখে মাদক ধ্বংসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ।
























